-6ab429a8afe43.webp)
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। বড় অঙ্কের এই ক্রয়চুক্তিকে কেন্দ্র করে বোয়িং ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আগাম অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বোয়িং ও বিমানের মধ্যে হতে যাওয়া এই সমঝোতার প্রতি সমর্থন জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
বার্তায় তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার এই চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি বড় অর্জন। এর মাধ্যমে উভয় দেশই উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে বলে উল্লেখ করেন তিনি। নিউইয়র্কে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার জন্য তিনি অপেক্ষা করছেন বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার বিকেলে এ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বাংলাদেশ সময় রাত আড়াইটায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সই হওয়ার কথা।
বিমানের বহর বড় করার এই উদ্যোগকে ভবিষ্যতে যাত্রীসেবার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন উড়োজাহাজ সরবরাহের বিষয়টি নিয়ে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং ও ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলার সময়েই বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাওয়া ১১টি উড়োজাহাজ আগের ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির অতিরিক্ত সংযোজন হিসেবে বিবেচিত হবে।