
মক্কা নগরীসহ সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা মোকাবিলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে সৌদি আরব ও পাকিস্তান। এ নিয়ে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় তিন দেশের সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আসিম মুনিরের এ আলোচনা হয়। বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এবং দেশটির বিভিন্ন স্থাপনায় সাম্প্রতিক হামলার বিষয় উঠে আসে।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সামরিক বাহিনীর প্রধানদের বৈঠকের ফলাফলকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে পবিত্র মক্কা নগরী এবং সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এ ধরনের হামলা মোকাবিলায় সৌদি আরব ও পাকিস্তান একসঙ্গে কাজ চালিয়ে যাবে।
এর আগে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনীর প্রধানরা বৈঠক করে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ও দেশটির প্রতি হুমকি পর্যালোচনা করেন। বৈঠকে তিন দেশের সামরিক সহযোগিতা, সমন্বয় এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।
গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।