
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলের একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায় এক নারীর মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।
পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ মরদেহটি একটি কবরস্থানের কাছ থেকে উদ্ধার করা হয়। গত জুলাই থেকে একুরহুলেনির বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নারীদের মরদেহ পাওয়ার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে এসব হত্যাকাণ্ডের সবগুলো একই ব্যক্তি কিংবা কোনো নির্দিষ্ট চক্রের সঙ্গে সম্পৃক্ত—এমন নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি।
নারীদের হত্যায় উদ্বেগ রামাফোসার
ঘটনাগুলো নিয়ে উদ্বেগ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দশম নারীর মরদেহ উদ্ধারের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার নারীদের হত্যা অব্যাহত থাকা দেশটির পুরুষদের জন্য লজ্জার বিষয়।
এর আগেও এসব হত্যাকাণ্ডের তদন্তে কোনো পাথরই অক্ষত রাখা হবে না বলে মন্তব্য করেছিলেন রামাফোসা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
হত্যাকাণ্ডগুলোর যোগসূত্র খুঁজছে পুলিশ
একুরহুলেনিতে ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক বা যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।