
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে অঙ্গরাজ্যটির ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে। শহরটি রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল বা ৬৪ দশমিক ৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উইসকনসিন ডেলসের পশ্চিমে মিরর লেক স্টেট পার্কের কাছের একটি বনাঞ্চলে বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়া ছিল। খবর আনাদোলুর।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) বুধবার জানায়, দুর্ঘটনার আগে বিমানটি ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। এ সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার কথা জানিয়ে নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকেন্দ্র অনুমতি দেওয়ার পর বিমানটি ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে বাঁক নেওয়ার গতি দ্রুত বেড়ে যায়। এরপর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এর গতিবিধি শনাক্তের তথ্যও পাওয়া যায়নি।
সুক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা ছয়জনই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে নির্দিষ্ট ডানাযুক্ত পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি কাছের একটি এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল। সেই কথোপকথনের বিষয়বস্তু এবং প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার পেছনে কোনো ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মাটিতে থাকা কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। এ ছাড়া অন্য কারও আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের তদন্তকারীরা।