
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৪০ কিলোমিটার গভীরে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই।
এদিকে বিএনও নিউজের তথ্য অনুযায়ী, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের একটি আগাম সতর্কতা জারি করেছিল। এতে জাপানের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পনের পূর্বাভাস দেওয়া হয়। তবে সংস্থাটির নিজস্ব পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। ৯.৯ মাত্রার পূর্বাভাসটি সঠিক হলে তা রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের চেয়েও বেশি হতো।
কামচাতকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগর ঘিরে বিস্তৃত ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’-এর অংশ। টেকটোনিক প্লেটগুলোর পারস্পরিক ক্রিয়ায় এ অঞ্চলে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ঘটে।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে কামচাতকা উপকূলের কাছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায়।