
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এর আগে জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ আয়োজন না করতে তাঁকে সতর্ক করতে নয়াদিল্লিতে তাঁর বাসায় যায় পুলিশ। শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের কর্মসূচি ছিল তাঁর।
কর্মসূচি বাতিলের নির্দেশ পুলিশের
প্রকাশিত তথ্য অনুযায়ী, দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালায় যে বাড়িতে অভিজিৎ দিপকে অবস্থান করছিলেন, সেটি মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) দলের নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের। সেখানে গিয়ে পুলিশ তাঁকে সেন্ট্রাল পার্কে না যাওয়ার নোটিশ দেয়।
পুলিশ জানায়, কনট প্লেসের পুরো এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। আইন মেনে চলার পাশাপাশি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয় তাঁকে। তবে নোটিশ দেখলেও নিজের কর্মসূচি বাতিল করতে রাজি হননি দিপকে।
বাসায় পুলিশের উপস্থিতির ভিডিও ভাইরাল
শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের সঙ্গে অভিজিৎ দিপকের কথোপকথনের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। ভিডিওতে একদল পুরুষ ও নারী পুলিশ সদস্যকে তাঁর বাসায় প্রবেশ করতে দেখা যায়। একটি ছবিতে বসার ঘরে দিপকের বিপরীতে সোফায় বসে থাকা এক পুলিশ সদস্যের হাতে কাগজপত্র দেখা যায়।
পুলিশ প্রথমে নোটিশ দিয়ে চলে যাওয়ার কথা জানিয়েছিল। সিজেপির পক্ষ থেকেও পুলিশ ও দিপকের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করা হয়। এর পরপরই তাঁর আটকের খবর সামনে আসে।