
সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় গত ২৪ ঘণ্টায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। তাদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি তেল পাইপলাইন ও একটি বিমানঘাঁটি।
শনিবার (২৪ অক্টোবর) গোষ্ঠীটির পক্ষ থেকে এসব হামলার তথ্য জানানো হয়।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়েছে।
এ ছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারে।
হুথিদের এই মুখপাত্র আরও দাবি করেন, সৌদি আরবের অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
তবে এসব অভিযানে স্থাপনাগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি হুথি বিদ্রোহীরা।