
ইসরায়েলের সাধারণ নির্বাচনে ভোটাররা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তাঁর মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটেছে।
বুধবার (২৮ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, তেল আবিবে নিজের দলের সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আইজেনকোট এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ইসরায়েলের সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। জনগণের এই রায়কে সম্মান জানিয়ে সমাজের সব স্তরের প্রতিনিধিত্বকারী একটি নতুন সরকার গঠন করাই তাঁর প্রধান লক্ষ্য। নেতানিয়াহুকে উদ্দেশ করে আইজেনকোট বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ইসরায়েলের নিরাপত্তাকে ব্যবহার করার দুঃসাহস যেন তিনি না দেখান।
দেশটির সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্দেশেও বার্তা দেন বিরোধীদলীয় এই নেতা। তিনি বলেন, নেতানিয়াহু এখন কেবল তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মকর্তাদের দায়িত্ব সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষা করা। কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার না করতেও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও চ্যানেল ১৩-এর এক্সিট পোল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী জোট এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—উভয়ই ৫১টি করে আসন পেতে পারে। আরব দলগুলোর আসনসংখ্যা হতে পারে ১৮টি।
এই হিসাব অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষেরই নিশ্চিত নয়। ফলে দেশটিতে ঝুলন্ত সংসদ গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।