হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের শাসনামলের দুর্নীতির তদন্তে নেমে প্রায় ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ লুকানো নগদ অর্থ উদ্ধার করেছেন তদন্তকারীরা।
দেশটির নতুন সরকারের গঠিত দুর্নীতিবিরোধী সংস্থা ‘ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস’ গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) বুদাপেস্টসহ দেশের আরও তিনটি স্থানে এই অভিযান পরিচালনা করে। অভিযানে খামারবাড়ি, গুদামঘর, একটি বসতবাড়ি, গোপন জায়গার সুরক্ষিত ভল্ট এবং বনের ভেতর মাটি খুঁড়ে হাঙ্গেরিয়ান ফোরিন্ট, ইউরো ও মার্কিন ডলারের এসব বান্ডিল উদ্ধার করা হয়। অর্থমন্ত্রী আন্দ্রেয়াস কারমান জানিয়েছেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া বিপুল পরিমাণ এই অর্থ গুনতে ১২ জন কর্মীর টানা আট ঘণ্টা সময় লেগেছে।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাঙ্গেরির উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মিক্লোস সেশতাকের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই বিপুল অর্থের সন্ধান মেলে। সরকারি পরিবহন সংস্থার জন্য চড়া দামে পুরোনো বাস কেনা এবং সরকারি নির্মাণ প্রকল্প থেকে প্রায় ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগে গত সেপ্টেম্বরে তাকে আটক করা হয়। তবে তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
গত এপ্রিলে ভিক্টর ওরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী পেতার মাকিয়ার এই অর্থ উদ্ধারকে দুর্নীতির বিরুদ্ধে বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, ওরবান বরাবরই দাবি করে আসছেন যে তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই নতুন সরকার এসব তদন্ত করছে।
চলমান এই অভিযানের আওতায় ইতোমধ্যে আরও কয়েকজন সাবেক মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর জিওর্গি মাতোলসিকেও আটক করা হয়েছে।
সম্প্রতি হাঙ্গেরিতে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ মানুষই ওরবান আমলের দুর্নীতির সঠিক তদন্ত এবং দোষীদের বিচার অত্যন্ত জরুরি বলে মনে করেন।
সূত্র: আল-জাজিরা