
বিশ্বে অনুসারীর সংখ্যার বিচারে ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে পেছনে ফেলে সবচেয়ে বড় ধর্মে পরিণত হতে পারে ইসলাম। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক জনমিতিক পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। তবে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটি থেকে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। বিপরীতে, খ্রিষ্টান জনসংখ্যা ৩০ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ২৯৬ কোটিতে। খ্রিষ্টানদের এই জনসংখ্যা বৃদ্ধির হার মোটামুটি বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হারের সমান হবে।
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ উচ্চ জন্মহার
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে। অন্যদিকে হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়লেও সেই প্রবৃদ্ধি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় কম হতে পারে। বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে উচ্চ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিষ্টান নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী নারীদের ক্ষেত্রে এই হার ছিল ১ দশমিক ৬। জনসংখ্যার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার জন্য সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান থাকা প্রয়োজন।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, জন্ম ও মৃত্যুর ব্যবধানের কারণে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৬০ কোটি এবং খ্রিষ্টান জনসংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।
পাকিস্তান হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ
মুসলিম জনসংখ্যার বড় অংশের প্রবৃদ্ধি ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে। এমন ৫৩টি দেশে ২০৭০ সাল নাগাদ আরও ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারে। বিশ্বে মোট মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৭৪ শতাংশই ঘটবে এসব দেশে।
২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ছিল ইন্দোনেশিয়া। সে সময় দেশটিতে মুসলিমের সংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। মাত্র ১ কোটি ২০ লাখের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তান। তবে পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে পাকিস্তান বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে।
এ সময়ে পাকিস্তানের মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় মুসলিম জনসংখ্যা বাড়তে পারে ১৫ শতাংশ। ফলে ২০৭০ সাল আসার আগেই জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান।
ভারতের মুসলিম জনসংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালে ২১ কোটি ৩০ লাখ মুসলিম নিয়ে বিশ্বে তৃতীয় অবস্থানে ছিল দেশটি। ২০৭০ সালে ভারতের মুসলিম জনসংখ্যা বেড়ে ৩৩ কোটি ৪০ লাখে দাঁড়াতে পারে। এতে দেশটি উঠে আসবে দ্বিতীয় অবস্থানে।
অন্যদিকে নাইজেরিয়ায় মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে দেশটি বর্তমান পঞ্চম অবস্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসবে। একই সময়ে ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ অবস্থানে।
২০৭০ সালে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার শীর্ষ ১০ দেশের তালিকায় আফ্রিকার চারটি দেশ থাকবে। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ সময় তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান জায়গা করে নেবে। অন্যদিকে বাদ পড়বে ইরান ও আলজেরিয়া।
পূর্বাভাসে বলা হয়েছে, সুদানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে দেশটি মুসলিম জনসংখ্যার দিক থেকে তুরস্ককেও ছাড়িয়ে যাবে।
২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাস
পিউ রিসার্চ সেন্টারের এই জনমিতিক পূর্বাভাস তৈরিতে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে বিবেচনায় নেওয়া হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।
বর্তমান জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের যে প্রবণতা রয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন ধারণার ভিত্তিতে পূর্বাভাসটি তৈরি করা হয়েছে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এলে ভবিষ্যতে এই হিসাবও বদলে যেতে পারে।
সূত্র: আল-জাজিরা