
প্রতিটি কাজ নিখুঁতভাবে করার ইচ্ছা অনেকের কাছেই ইতিবাচক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। কিন্তু যখন সেই চাওয়া অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় এবং প্রতিটি সিদ্ধান্ত বা কাজকে ঘিরে অস্বাভাবিক চাপ তৈরি করে, তখন তা মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে এমন প্রবণতা বজায় থাকলে উদ্বেগ, মানসিক চাপ এমনকি অবসাদের ঝুঁকিও বেড়ে যেতে পারে।
চিকিৎসাবিজ্ঞানে এই প্রবণতাকে পারফেকশনিজম বা পরিপূর্ণতাবাদ বলা হয়। এ ধরনের মানুষ সাধারণত জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত উচ্চ এবং অনেক সময় অবাস্তব মানদণ্ড নির্ধারণ করেন। সামান্য ভুলও তাদের কাছে বড় ব্যর্থতা বলে মনে হয়, ফলে দৈনন্দিন সাধারণ কাজও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।
উদ্বেগ কেন বাড়ে?
পরিপূর্ণতাবাদী ব্যক্তিরা প্রায়ই নিজেদের কাজ, সিদ্ধান্ত বা পারফরম্যান্স নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন। অন্যের সমালোচনার ভয় কিংবা প্রত্যাশা পূরণ করতে না পারার আশঙ্কা তাদের সবসময় মানসিক চাপে রাখে। ফলে আত্মসন্দেহ, অস্থিরতা এবং দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি হতে পারে।
সাধারণ কাজও কঠিন মনে হয়
নিখুঁত হওয়ার তাড়নায় অনেকেই একটি কাজ বারবার যাচাই বা সংশোধন করেন। অতিরিক্ত বিশ্লেষণ ও ভুলের আশঙ্কায় সময় যেমন নষ্ট হয়, তেমনি বাড়তে থাকে মানসিক ক্লান্তি। এতে কাজের গতি কমে যাওয়ার পাশাপাশি উদ্বেগও আরও তীব্র হতে পারে।
অর্জনের চেয়ে ভুলেই বেশি মনোযোগ
পরিপূর্ণতাবাদী মানুষেরা নিজেদের সাফল্যের চেয়ে ছোটখাটো ভুল বা সীমাবদ্ধতাকে বেশি গুরুত্ব দেন। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা কিংবা অবাস্তব প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার অনুভূতি তাদের হতাশ করে তোলে। এর ফলে উদ্বেগ ও আত্মসমালোচনার একটি নেতিবাচক চক্র তৈরি হয়।
অনিশ্চয়তা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে
যাদের মধ্যে অতিরিক্ত নিখুঁত হওয়ার প্রবণতা থাকে, তারা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি সহজে মেনে নিতে পারেন না। ব্যর্থতার ভয় এতটাই তীব্র হয়ে ওঠে যে নতুন কোনো উদ্যোগ নেওয়া, ঝুঁকি গ্রহণ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা পিছিয়ে যান।
কীভাবে কমানো যাবে এই মানসিক চাপ?
বিশেষজ্ঞদের মতে, ভালো করার চেষ্টা অবশ্যই ইতিবাচক। তবে সেই চেষ্টা যেন নিজের মানসিক সুস্থতা বা স্বাভাবিক জীবনযাত্রার ক্ষতির কারণ না হয়, সেদিকে সচেতন থাকতে হবে।
উদ্বেগ কমাতে তারা যেসব পরামর্শ দেন—
বিশেষজ্ঞরা বলছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিখুঁত হওয়ার চেয়ে ধীরে ধীরে উন্নতির মানসিকতা গড়ে তুলতে পারলে উদ্বেগ কমে, আত্মবিশ্বাস বাড়ে এবং দীর্ঘমেয়াদে মানসিক সুস্থতা বজায় রাখা অনেক সহজ হয়।