
শৈশব আর কৈশোরের বন্ধুত্বের রসায়ন সাধারণত খুব সহজ-সরল হয়। প্রতিদিন দেখা হওয়া, একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা কিংবা আড্ডা—সবকিছুই যেন জীবনের স্বাভাবিক অংশ হয়ে থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কগুলোর অনেকটাই বদলে যেতে শুরু করে।
কর্মজীবনের ব্যস্ততা, নতুন পরিবার, ভিন্ন শহর বা দেশে বসবাস—এমন নানা কারণে একসময় সবচেয়ে কাছের বন্ধুদের সঙ্গেও যোগাযোগ কমে যায়। যে বন্ধুকে ছাড়া একসময় একটি দিনও কল্পনা করা যেত না, তার সঙ্গে হয়তো বছরের পর বছর দেখা বা কথাই হয় না।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়; বরং এটি মানুষের জীবনের স্বাভাবিক একটি ধাপ।
মার্কিন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ লরেন গ্রাওয়ার্টের মতে, বিশের দশকে অধিকাংশ বন্ধুত্ব তৈরি হয় একই শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র বা বসবাসের পরিবেশকে কেন্দ্র করে। কাছাকাছি থাকায় যোগাযোগও সহজ হয়।
কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন জটিল হতে থাকে। পেশাগত দায়িত্ব, সংসার, সন্তান কিংবা পরিবারের প্রবীণ সদস্যদের দেখভালের মতো বিষয়গুলো মানুষের সময় ও অগ্রাধিকারে বড় পরিবর্তন নিয়ে আসে। ফলে বন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা কঠিন হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ থেকে তিরিশের মধ্যবর্তী সময়টায় মানুষের ব্যক্তিত্ব, মূল্যবোধ ও জীবনের লক্ষ্য সবচেয়ে বেশি পরিবর্তিত হয়।
কেউ ক্যারিয়ারকে অগ্রাধিকার দেন, কেউ পরিবারকে, আবার কেউ নতুন জীবনধারা বা আগ্রহের দিকে ঝুঁকে পড়েন। এর ফলে একসময় যাদের মধ্যে অনেক মিল ছিল, সময়ের সঙ্গে তাদের জীবনদর্শন ও পছন্দে পার্থক্য তৈরি হতে পারে।
এই পরিবর্তনের কারণে অনেক বন্ধুত্ব ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, যদিও এর পেছনে কোনো বড় ধরনের বিরোধ বা ভুল বোঝাবুঝি থাকে না।
অনেকেই মনে করেন, বন্ধুত্ব ভেঙে যাওয়ার অর্থ নিশ্চয়ই কোনো তিক্ত অভিজ্ঞতা বা দ্বন্দ্ব রয়েছে। কিন্তু বাস্তবে নতুন দায়িত্ব, ভিন্ন শহরে বসবাস, কর্মব্যস্ততা কিংবা পারিবারিক প্রয়োজনও সম্পর্কের দূরত্ব তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের ভাষ্য, এটিকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখার কোনো কারণ নেই। বরং এটি জীবনের স্বাভাবিক পরিবর্তনের অংশ।
কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ হারিয়ে গেলে অনেকেই গভীর শূন্যতা অনুভব করেন। বিশেষজ্ঞদের মতে, মানুষের মস্তিষ্ক সামাজিক সম্পর্কের ক্ষতিকেও এক ধরনের শোক হিসেবে গ্রহণ করে।
কারণ, বন্ধুত্ব হারানো মানে শুধু একজন মানুষকে হারানো নয়; এর সঙ্গে হারিয়ে যায় অনেক স্মৃতি, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে দেখা স্বপ্নও।
অনেকেই ভাবেন, যেহেতু কোনো ঝগড়া হয়নি, তাই কষ্ট পাওয়ারও কারণ নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের সমাপ্তি মেনে নেওয়া এবং নিজের অনুভূতিকে স্বীকার করা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।
কষ্টকে অস্বীকার না করে গ্রহণ করতে পারলে সামনে এগিয়ে যাওয়া তুলনামূলক সহজ হয়ে ওঠে।
বন্ধুত্ব শেষ হওয়ার পর অনেকেই ভাবতে থাকেন—কার ভুল ছিল বা কী করলে সম্পর্কটি টিকিয়ে রাখা যেত।
তবে থেরাপিস্টদের মতে, এ ধরনের নেতিবাচক বিশ্লেষণ অনেক সময় মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। জীবনের সব সম্পর্ক চিরস্থায়ী হবে না—এই বাস্তবতা মেনে নেওয়াও গুরুত্বপূর্ণ।
কোনো বন্ধুত্ব শেষ হয়ে গেলেই তার সব স্মৃতি মুছে ফেলতে হবে, এমন নয়। বরং সেই সম্পর্ক থেকে কী শেখা গেল এবং কত সুন্দর মুহূর্ত পাওয়া গেল, সেগুলো মনে রাখা মানসিকভাবে ইতিবাচক প্রভাব ফেলে।
প্রাপ্তবয়স্ক জীবনে নতুন বন্ধু তৈরি করা সহজ নয়। ব্যস্ততা ও দায়িত্বের পাশাপাশি প্রত্যাখ্যাত হওয়ার ভয়ও কাজ করে।
বিশেষজ্ঞদের পরামর্শ, এমন জায়গায় নিয়মিত সময় কাটানো উচিত যেখানে একই মানুষদের সঙ্গে বারবার দেখা হওয়ার সুযোগ থাকে। এতে ধীরে ধীরে নতুন সম্পর্ক গড়ে ওঠে।
অনেক সময় নতুন বন্ধুত্ব খোঁজার চেয়ে পুরোনো সম্পর্ক আবার জাগিয়ে তোলা সহজ হয়। বহুদিন যোগাযোগ নেই—এমন কোনো বন্ধুকে একটি ছোট বার্তাও নতুন করে কথোপকথনের সূচনা করতে পারে।
তবে সম্পর্ক আগের মতোই থাকবে, এমন প্রত্যাশা না রাখাই ভালো। নতুন বাস্তবতায় সেই বন্ধুত্ব নতুন রূপে ফিরে আসতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বন্ধুত্ব টিকে থাকে নিয়মিত যোগাযোগ, আন্তরিকতা ও পারস্পরিক সম্মানের ওপর। ব্যস্ত জীবনের মাঝেও ছোট আড্ডা, খোঁজখবর নেওয়া কিংবা এক কাপ চায়ের আমন্ত্রণ সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।