
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনে কঠোর নিরপেক্ষতার নির্দেশনা দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইউনিফর্ম পরিহিত অবস্থায় কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনীর সদস্যদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ব্রিফিংয়ে পেশাগত শৃঙ্খলা ও আচরণবিধি মেনে চলার ওপর জোর দেন বিমানবাহিনী প্রধান।
এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, “আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে। কিন্তু সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়।”
নির্বাচনের প্রস্তুতি ও দায়িত্ব প্রসঙ্গে তিনি জানান, “আসন্ন নির্বাচন নিরবিচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করছে বিমান বাহিনী।” তিনি আরও বলেন, “নির্বাচনের দিন যেকোনো পরিস্থিতিতে বিমানবাহিনীর সদস্যদের দৃশ্যমান থাকতে হবে।” একই সঙ্গে তিনি নির্দেশনা দেন, “ঘাটিতে অবস্থানরতদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঘাঁটিতেই থাকতে হবে।”
বিমানবাহিনী প্রধান জানান, চলতি নির্বাচনে একটি নতুন দিক যুক্ত হচ্ছে। তার ভাষায়, “এবার প্রথমবারের মতো নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমানবাহিনী।” এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত জনবলের তথ্য তুলে ধরে বলেন, “নির্বাচনে বিমানবাহিনীর ৩ হাজার ৭'শ ৩০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।”