
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তের খবর আনুষ্ঠানিকভাবে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের এই অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া আইডিতে পোস্টের মাধ্যমে শাহবাজ শরিফকে ধন্যবাদ জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, "ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।"
পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, "বুধবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।"
এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে ভারতের বিপরীতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির প্রকাশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।"
শেহবাজ শরিফ আরও যোগ করেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। এ সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া হয়েছে। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি একেবারেই যথাযথ সিদ্ধান্ত।"