
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় সরাসরি সহায়তার জন্য বিমানবাহিনী প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও ইউএভি (আনম্যান্ড এয়ারিয়াল ভেহিকল) সার্বক্ষণিক মোতায়েন রাখবে।
এই তথ্য জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৃহস্পতিবার রাজধানীর বিমানঘাঁটি বাশারে মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত বিমানবাহিনী সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনী প্রধান সব সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারি বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ ও প্রয়োগের ওপর জোর দেন।
বিমানবাহিনী প্রধান আশাবাদ প্রকাশ করেন, মাঠ পর্যায়ে নিয়োজিত প্রতিটি সদস্য এই দায়িত্ব উচ্চ পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করবে।
এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় ৩ হাজার ৭৩০ জন বিমানবাহিনী সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ১ হাজার ২৫০ জন সদস্য মাঠ পর্যায়ে ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১ দিন মোতায়েন থাকবেন।
মাঠ পর্যায়ে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ২১ জেলার ৩৫টি উপজেলায় নির্বাচন কার্যক্রমে সহায়তা প্রদান করবে। এ ছাড়া, নির্বাচনী সময় হেলিকপ্টার, পরিবহন বিমান ও ইউএভি সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান, বিমানবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটির উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।