
ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক পর্যায়ের স্বচ্ছতা নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যেই এই উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচারে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে অটল রয়েছে এবং তদন্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
এর আগে একই দিন দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা ও নিহতের পরিবারের সদস্যরা।
এই কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তারা জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।