
ইতিহাস আর জীবন্ত সংস্কৃতির শহর পুরান ঢাকা একদিনের জন্য হয়ে উঠেছিল কূটনৈতিক সফরের কেন্দ্রবিন্দু। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্ত্রীসহ এই পুরোনো নগরের অলিগলি ঘুরে দেখেন, উপভোগ করেন ঐতিহ্যবাহী স্থাপনা ও জনপ্রিয় খাবারের স্বাদ।
ব্যস্ত গলিপথে রিকশাভ্রমণ, লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শন এবং হোসেনী দালানের স্থাপত্যশৈলী দেখা মিলিয়ে দিনটি ছিল নানা অভিজ্ঞতায় ভরা। পথে পথে স্থানীয়দের আতিথেয়তায় সাড়া দিয়ে তিনি পুরান ঢাকার বিখ্যাত মসলা চা ও সুস্বাদু বিরিয়ানিও উপভোগ করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই সফরের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। ভিডিওতে দেখা যায়, লালবাগ কেল্লার সামনে থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে রিকশায় করে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘শুভ দিন। হ্যালো, আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আজ আমি পুরান ঢাকায় এসেছি। ২০২১ সালে আমার পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার এই স্থানটিকে মনোনীত করেছিলেন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রদূত তহবিলের জন্য। আমার মনে হয় আরও অসংখ্য কাজের মাঝে এটা একটা দারুণ উদাহরণ।’
সংস্কারকাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এখানে দারুণ কাজ হয়েছে, যা সত্যিই খুব সুন্দর। মাত্র কয়েক বছর আগে যেরকম দেখেছিলাম, তার চেয়ে একেবারেই আলাদা। আজ আমি জানতে পারলাম যে, আমি আগে এখানে একবার এসেছিলাম। প্রথমে মনে পড়েনি, কিন্তু যখন তারা আমাকে ঘুরিয়ে দেখাল, তখন মনে পড়ল। তাই আবার এখানে ফিরে আসতে পেরে এবং এত উষ্ণ আতিথেয়তা পেয়ে খুব ভালো লেগেছে।’
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেন। তাদের সফরের শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মাধ্যমে, যা যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর সহায়তায় সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে।
এই সফরে তিনি সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালানও ঘুরে দেখেন এবং পুরান ঢাকার ব্যস্ত অলিগলিতে সময় কাটান। ভ্রমণের ফাঁকে ফাঁকে উপভোগ করেন এখানকার ঐতিহ্যবাহী মসলা চা ও জনপ্রিয় বিরিয়ানি।