
দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা দিল অন্তর্বর্তী সরকার। বিদায়ের সময় দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত কার্যত অচল ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল বলেও উল্লেখ করেন তিনি। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে রিজার্ভ বেড়ে বর্তমানে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তিনি আরও জানান, বিদায়ের সময় যে পরিমাণ রিজার্ভ রাখা হচ্ছে, তা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানির ব্যয় নির্বাহ করা সম্ভব। এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে একটি স্থিতিশীল অবস্থায় এনে পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে প্রেস সচিব দাবি করেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। এই সময়ে সরকারকে ‘ফ্যাসিস্টদের কার্যক্রম’ মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কাঠামো প্রণয়ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালীন সময়ে অর্থনীতির পুনরুদ্ধার, ব্যাংকিং খাতকে সচল করা এবং প্রশাসনিক সংস্কারসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে।