
রাষ্ট্রের আইন কর্মকর্তাদের তালিকায় যুক্ত হলেন আরও পাঁচজন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায়।
নিয়োগপ্রাপ্তরা হলেন—মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। তাঁদের মধ্যে মো. ইছা ও মো. ওবায়দুর রহমান আগে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২–এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।
একই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্টের স্মারকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে।