
ঢাকায় কূটনৈতিক তৎপরতায় নতুন গতি যোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি বলেছেন, “বৈঠক ভালো হয়েছে।”
বুধবার ৪ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক শেষে নিজেই এ মন্তব্য করেন তিনি।
এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পল কাপুর। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই তার এই ঢাকা সফর। সফরকালে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।
এ সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায়, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
খসড়া কর্মসূচি অনুযায়ী, আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের পাশাপাশি জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে বসবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
সফরের শেষ দিনে রাজনৈতিক পর্যায়েও ব্যস্ত সময় কাটাবেন পল কাপুর। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি নেতাদের সঙ্গে বৈঠকের পর দুপুরে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। একই দিনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন পল কাপুর।