
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সনাক্তকৃত তালিকা প্রকাশের পর শিগগিরই ব্যাপক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অপরাধী দমনে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। ইতিমধ্যেই ঢাকা শহরসহ সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী এবং দাগি আসামিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। অত্যন্ত নিরপেক্ষভাবে (নিমোহ) এই তালিকা তৈরি করা হচ্ছে যাতে কোনো প্রকৃত অপরাধী পার না পায়।"
তিনি আরও জানিয়েছেন, এই সাঁড়াশি অভিযান প্রথমে ঢাকায় শুরু হয়ে ধাপে ধাপে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। অভিযানের মূল উদ্দেশ্য হলো তালিকাভুক্ত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা।
জনগণের প্রতি আশাবাদ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি।"