
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান জানিয়েছেন, দুর্নীতির ক্ষেত্রে তার মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং প্রমাণিত কোনো অনিয়মে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, “গত ৫ আগস্টের পর বিভিন্ন সভা-সমিতি ও সংগঠন দখলে আমার দলের নাম এসেছে; এই কথাটি অস্বীকার করা যাবে না। বিষয়টি আমি গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করব। যদি অসাংগঠনিক কিছু হয়ে থাকে, সেটি দল বা বাইরের কেউ হোক না কেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রী এই মন্তব্য করেছেন বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়।
এসময় তিনি আরও বলেন, “তারেক রহমান বলেছেন, আমরা এখন ক্ষমতায়। এর মানে হলো আমরা এখন জনগণের সেবক। আমাদের দায়িত্ব বেড়েছে। দুর্নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সেটি আমাদের দলের হলেও বরদাস্ত করা হবে না।”
পর্যটন খাত সম্পর্কেও তিনি গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, “শুধু দেশীয় পর্যটকের উপর নির্ভর করলে চলবে না। পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটক আসলেই বৈদেশিক মুদ্রা আয় সম্ভব, যা পর্যটনের জন্য ইতিবাচক।” তিনি জানান, এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি পর্যটন উন্নয়নের জন্য সড়ক যোগাযোগ ও পরিচ্ছন্নতার ওপরও জোর দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।