
রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন করে দুই কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে। তথ্য ক্যাডারের অভিজ্ঞ এই দুই কর্মকর্তাকে উপ-প্রেস সচিব (ডিপিএস) ও সহকারী প্রেস সচিব (এপিএস) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে ন্যস্ত করা হয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের আগের সব কর্মকর্তাকে সরিয়ে দেয়। পরবর্তীতে বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর প্রেস সচিব হিসেবে সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সরওয়ার আলমকে নিয়োগ দেওয়া হয়।
সর্বশেষ এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুনভাবে কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া হলো।