
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রভাতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বীর শহিদদের স্মরণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, একই পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি।
এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।