
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে কড়া শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৫ মার্চ) রাতে গগণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল অবিরাম কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।