
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত—এ কথা আবারও জোর দিয়ে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, একই সঙ্গে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বৈশ্বিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এর ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক সেশনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে রাখাইনে উপযুক্ত পরিবেশ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও কার্যকর ও বাস্তবমুখী ভূমিকা রাখতে হবে।
তিনি আরও জানান, দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ার প্রবণতায় উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তহবিল বাড়ানো, রাখাইনে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ড. খলিলুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার ও আরাকান আর্মি—উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব, তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতা।