
হজযাত্রীদের সেবাকেই অগ্রাধিকার দিয়ে সৌদি আরবে যাচ্ছেন—নিজেকে ‘মন্ত্রী’ নয়, ‘হাজিদের কামলা’ হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি হজ ব্যবস্থাপনায় সেবামূলক মানসিকতার গুরুত্ব তুলে ধরেন।
ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা নিশ্চিত করবে। “কোনো অন্যায় বা অনিয়ম সহ্য করা হবে না,”—এ কথা স্পষ্টভাবে জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, সীমিত সময়ের মধ্যেও এবারের হজ প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার মতে, আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, টিকিট ব্যবস্থাও সহজ করা হয়েছে এবং হজযাত্রীদের জন্য শতভাগ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা গেছে।
এ সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর কর্মীদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন, ফলে হজযাত্রা নির্বিঘ্ন হবে বলে আশা করা যাচ্ছে।
হজযাত্রীদের উদ্দেশে তিনি দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং তারা সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। পাশাপাশি সবাইকে সততা ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।