
সচিব পদমর্যাদায় তিনজন কর্মকর্তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। এতে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ওয়াকফ প্রশাসকের পদে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মোহাম্মদ জকরিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তাদেরকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে তাদেরকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ করতে হবে।