
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ তথ্য সহায়তা কেন্দ্রের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মৃত ব্যক্তিরা হলেন—মো. নইম উদ্দীন মন্ডল, মো. আবুল কাশেম, মো. সেরাজুল হক ও মো. খলিলুর রহমান।
এদিকে ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন রয়েছেন।
মোট ৮৯টি উড়োজাহাজে তারা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি উড়োজাহাজ।
যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।
সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া তথ্য সহায়তা কেন্দ্র থেকে ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।