
কয়েক দিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও আবারও দূষণের ভারে ভারী হয়ে উঠেছে রাজধানীর বাতাস। বৃহস্পতিবার (৭ মে) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান উঠে এসেছে তৃতীয় স্থানে। বায়ুমানের সূচক অনুযায়ী, নগরীর বাতাস এখন ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বলছে, সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর ছিল ১৫৬। এই মাত্রার বাতাস সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য।
একই সময়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির একিউআই স্কোর ১৬৭। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ছিল ১৫৮। এছাড়া পাকিস্তানের লাহোর ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের দিল্লি ১০২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় দূষিত বাতাসে অবস্থান করলে শ্বাসতন্ত্র, হৃদ্রোগ ও ফুসফুসজনিত জটিলতা বাড়তে পারে। বিশেষ করে নগরাঞ্চলে নির্মাণকাজের ধুলা, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমন ঢাকার বায়ুদূষণের বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।