
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেওয়ার কথা রয়েছে।
মামলাটিতে বর্তমানে চার আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।
এর আগে গত ২৬ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ হয়। ওই দিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম তিনটি অভিযোগ তুলে ধরে বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই সংঘটিত ঘটনাগুলোর বিষয়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। তিনি ট্রাইব্যুনালে দাবি করেন, বিভিন্ন ভিডিও ফুটেজে কয়েকজন আসামির উপস্থিতি দেখা গেছে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বিষয়টিও শুনানিতে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, মামলার সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট প্রমাণ রয়েছে।
তবে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে বলে, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না। এক আসামির আইনজীবী আদালতে দাবি করেন, এ ধরনের অভিযোগ বিচারের জন্য আলাদা আইন রয়েছে এবং বর্তমান মামলায় সেই আইনের যথাযথ প্রয়োগ হয়নি।