
ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন মো. সাহাবুদ্দিন।
শনিবার (৯ মে) সকাল ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।