
মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের বিনতাংর এলাকার মেরাদং-এ সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে জালান সেরডেং-এর কামপুং জালু বারু মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ফজলুর রহমান ওই এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্তের বরাতে মেরাদং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সেমোপ থেকে সিবু অভিমুখে দ্রুতগতিতে আসা একটি লরি তাকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পর তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করে।
ডিএসপি তানসলি মেরিং জানান, লরি চালক অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, কুয়ালালামপুর-কে অবহিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭ অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
পুলিশ সাধারণ মানুষ ও চালকদের আরও সতর্কভাবে রাস্তা ব্যবহার করার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো যায়।