
সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনের কোনো পদই কারও জন্য স্থায়ী নয়, আর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাই হবে মূল ভিত্তি।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন, সরকার এমন একটি পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা হবে সম্পূর্ণভাবে জনবান্ধব এবং জনগণের আস্থার কেন্দ্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন কোনো সরকার স্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ীভাবে কারও দখলে থাকে না। দায়িত্বের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি বিশ্বের সব দেশেই ঘটে।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে কেবল আইন প্রয়োগকারী নয়, বরং মানবিক ও পেশাদার একটি শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। দুর্নীতি, সন্ত্রাস বা অন্যায় কার্যক্রমে জড়িতদের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় নয়, অপরাধই হবে বিবেচনার একমাত্র ভিত্তি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে পুলিশের ভূমিকা সরাসরি সরকারের ভাবমূর্তি তৈরি করে। মানুষ বিপদে পড়লে প্রথমেই পুলিশের কাছে যায়, তাই পুলিশের প্রতিটি পদক্ষেপে দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকা জরুরি।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর জোর দিয়ে বলেন, কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা যেন সমাজে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে পুলিশকে সতর্ক ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পুলিশ সদস্যদের যেকোনো পরিস্থিতিতে সাহস, দক্ষতা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে থানাভিত্তিক সেবাকে আরও কার্যকর করে সাধারণ মানুষের আস্থা বাড়ানোর আহ্বান জানান তিনি।
ভাষণে তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিশ্রুত সব সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন করবে। রাষ্ট্র ও সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।