
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে তিনি দেশ ছাড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। জানা গেছে, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব মানবাধিকার শহর ফোরাম ২০২৬’-এ অংশ নেবেন তিনি।
সফরকালে মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণবিষয়ক বিভিন্ন আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপির এই নেতার। পাশাপাশি দক্ষিণ কোরিয়াপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভাতেও অংশ নেবেন তিনি। সেখানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার আয়োজনে কয়েকটি সাংগঠনিক সভা ও প্রতিনিধি বৈঠকেও অংশ নেবেন আসিফ মাহমুদ। সফর শেষে আগামী সোমবার (১৯ মে) রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে তাঁর দক্ষিণ কোরিয়া সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা দেশ ছেড়ে চলে যাচ্ছেন বলে দাবি করা হয়। তবে সফরসংক্রান্ত তথ্য প্রকাশের পর এসব গুজব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।