
দেশের বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন ও উদ্যোগ গ্রহণে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যমুনা সেতু নির্মাণ বর্তমান ব্যবস্থার অধীনেই সম্পন্ন হয়েছে এবং পদ্মা সেতুর উদ্যোগও তাদের সময়েই নেওয়া হয়েছিল।
সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম। পদ্মা সেতু জাদুঘর অনেক আগেই হওয়া উচিত ছিল।
অতীতে এটি বাস্তবায়ন না হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তাঁর মতে, এই জাদুঘর নির্মিত হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুর ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে সাধারণ মানুষ ও ভবিষ্যৎ প্রজন্ম বিস্তারিত জানতে পারবে।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়, রোপিত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।’
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের সব এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান সেতুমন্ত্রী।