
দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষা খাতে উন্নয়ন নিশ্চিত করতে প্রাথমিক স্তরে মৌলিক সংস্কার আনা হচ্ছে এবং কোনো শিশু যেন শিক্ষার বাইরে না থাকে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
সোমবার (১১ মে) দুপুরে বান্দরবানের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শিশুদের স্কুলমুখী করতে শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে নতুন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার সুযোগ বাড়াতে আবাসিক বিদ্যালয় স্থাপন এবং মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্কুল পর্যায়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালুর কাজ চলছে।
সফরকালে তিনি বান্দরবান শহর ও লামা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।