
বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করা হয়েছিল বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। বিষয়টি ছিল হাওরে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণ।
ফরিদা আখতার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর হলেও এতে বিএনপি–জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছিল। এ কারণে বর্তমানে কেউই চুক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে না বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, চুক্তিটি চাইলে সংশোধন বা বাতিল করার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হলে বিষয়টি সংসদে উত্থাপন করে আলোচনা করা উচিত।
সাবেক এই উপদেষ্টা বলেন, “চুক্তিটি অবশ্যই সংসদে উত্থাপন করতে হবে এবং সেখানে জনগণের সম্মতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।”
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত পারস্পরিক বাণিজ্যচুক্তি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, চুক্তির লাভ-ক্ষতি যাচাই করা হবে এবং রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না তা পর্যালোচনা করা হবে। প্রয়োজনে ছয় মাসের নোটিশে চুক্তি বাতিলের সুযোগ থাকলেও এতে সম্ভাব্য বিরূপ প্রভাবের বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে জানানো হয়েছে।