রাজধানীর বাইরে এক দিনের রাষ্ট্রীয় কর্মসূচিতে গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মঙ্গলবার (১৯ মে) রাতেই সংশ্লিষ্ট দপ্তরগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে।
আগামীকাল বুধবার (২০ মে) গাজীপুরের সফিপুর এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
সফরের অংশ হিসেবে বিকেলে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পুরো রুটে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যেও সফর ঘিরে বাড়তি আগ্রহ দেখা গেছে। বিভিন্ন জায়গায় স্বাগত প্রস্তুতি ও সাজসজ্জা চলছে বলে জানা যায়।
গাজীপুরে এই এক দিনের সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এখন সর্বোচ্চ সতর্কতা ও ব্যস্ততা বিরাজ করছে।