
বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন সুবিধার ঘোষণা এসেছে। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, অবসরে যাওয়ার সময় পেনশন তহবিলে জমা হওয়া মোট অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি বা আনুতোষিক হিসেবে উত্তোলনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, সর্বজনীন পেনশন তহবিলের আওতায় থাকা বেসরকারি খাতের কর্মীরা অবসর গ্রহণের সময় তাদের সঞ্চিত অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাবেন। অবশিষ্ট অর্থ থেকে নির্ধারিত নিয়মে পেনশন সুবিধা দেওয়া হবে।
এদিকে সামাজিক নিরাপত্তা খাতে নতুন অর্থবছরের জন্য ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।
সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানোর পাশাপাশি পেনশন ব্যবস্থাকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে।