
মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীর কাছে গাঁজা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে গিয়ে স্বামী আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বিনাশ্রম চার মাসের কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি গেটে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম দবির মোল্যা (৩৫)। তিনি সদর উপজেলার জুঁইতড়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।
কারা সূত্রে জানা যায়, দবির মোল্যার স্ত্রী তন্বী খাতুন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। তাকে দেখতে আসেন দবির মোল্যা। কিন্তু কারাগারের আরপি গেটে দায়িত্ব পালনরত কারারক্ষীরা তল্লাশি করলে তার প্যান্টের পকেট থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করা হয়।
মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কারাফটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দবির মোল্যা স্বীকার করেন, কারাবন্দি স্ত্রী তন্বী খাতুনের কাছে গাঁজা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি ওই প্যাকেট নিয়ে এসেছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, দুই দিন আগে মাদক কারবারের অভিযোগে তন্বী খাতুনকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। তাদের দাবি, কারাগারের ভেতর থেকেও মাদক ব্যবসা চালানোর উদ্দেশ্যে তিনি স্বামীর মাধ্যমে গাঁজা ভেতরে পাঠানোর চেষ্টা করেছিলেন।
ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।