
বাংলাদেশের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (১৫ জুন) ভূমি মন্ত্রণালয়ের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
সাক্ষাতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভূমিসেবা ডিজিটালাইজেশনকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, এটি স্বচ্ছতা বৃদ্ধি ও সেবা সহজীকরণে ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্র, মানবাধিকার ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাতে ভূমি মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।