
প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও চিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সোমবার (৬ জুলাই) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয় তার মরদেহ। সেখানে তাকে শেষবারের মতো বিদায় জানাতে উপস্থিত হন স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও প্রগতিশীল দর্শনের একজন উজ্জ্বল প্রতিনিধি। শিক্ষা, সমাজচিন্তা এবং সাহিত্যচর্চায় তার অবদান ভবিষ্যতেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলে তারা উল্লেখ করেন।
বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হওয়ার পর সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক এবং সাধারণ মানুষ অংশ নেন।
এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।