
বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার কূটনৈতিক তৎপরতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেছেন তিনি। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই সম্ভাব্য সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছে সরকার।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র তুলে দেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করতে আগ্রহী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এই সম্পর্ককে আরও বিস্তৃত করে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে নিয়ে যেতে চায়। তার ভাষায়, প্রধানমন্ত্রীর সৌদি সফরের আমন্ত্রণ এবং ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরে আগ্রহ, উভয়ই দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফরের সময়সূচি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। তবে সফরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিষয়টি নির্ধারণ হবে। গ্রীষ্মকাল শেষে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
দুই দেশের শীর্ষ নেতৃত্বের পারস্পরিক সফর বাস্তবায়িত হলে বিনিয়োগ, বাণিজ্য, জনশক্তি, জ্বালানি এবং সামগ্রিক দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে নতুন গতি আসবে বলে সরকারের আশা।