
রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করতে বাংলাদেশে প্রথমবারের মতো যৌথ সফর করেছে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কক্সবাজার সফরের সময় প্রতিনিধিদল মানবিক সহায়তাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য পরিচালিত খাদ্য নিরাপত্তা, পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
সফরের এক পর্যায়ে প্রতিনিধিদল মানবিক সহায়তার সুবিধাভোগীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শোনেন। তারা জানান, এসব কর্মসূচি রোহিঙ্গা পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং চলমান সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।