
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নিয়ে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দেশটির সামরিক ও প্রতিরক্ষা খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
রোববার (১৯ জুলাই) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। একই সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
আইএসপিআর জানায়, পাঁচ দিনের সফর শেষে আগামী সপ্তাহে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।