
বাংলাদেশ সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শনিবার সকাল সোয়া ৯টার দিকে বৈঠক শুরু হয়।
তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শুরুতেই তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর ৩১ জুলাই কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্প পরিচালনার বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন করেন।
রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে উখিয়া উপজেলা সদরের নর্থ অ্যান্ড ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এতে সার্জিও গোর, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং মার্কিন প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা দিয়ে আসছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান কীভাবে রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই মার্কিন প্রতিনিধিদল কক্সবাজার সফর করেছে। তিনি আরও বলেন, ক্যাম্প পরিদর্শনের পর বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রতিনিধিদলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে রোহিঙ্গারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে প্রত্যাবাসনের দাবি জানান। এ সময় তারা সড়কের পাশে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবিসংবলিত কর্মসূচিও পালন করেন।