
দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সোমবার, মঙ্গলবার ও বুধবার—টানা তিন দিন দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারের নির্বাহী আদেশে সারা দেশে টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে এই সময় দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ থাকবে।
এর আগে রোববার বিকেলে দেশের উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবির পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়া ওই কারফিউ আন্দোলনের সমন্বয়কেরা প্রত্যাখ্যান করেছেন।