
বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনা ও উসকানির ঘটনায় শিক্ষার্থীদের সহিংসতায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কেউ গালি দিলে তার জবাব গণতান্ত্রিক উপায়ে দিতে হবে; প্রতিবাদ করা যাবে, কিন্তু কোনোভাবেই হামলা করা যাবে না।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যাতে শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ধরনের ‘ফাঁদে’ না জড়াতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশ, সমালোচনা এবং প্রতিবাদের অধিকার অবশ্যই থাকতে হবে। তবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা বা সহিংসতায় জড়ানোর সুযোগ নেই। সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের চর্চার মাধ্যমেই নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কেউ গালি দিলে তার জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। পরের দিন প্রতিবাদ করা যাবে, কিন্তু হামলা করা যাবে না। হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি হবে।’
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দিল্লিতে থেকে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বিষয়ে ভারত দায় এড়াতে পারে না।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা—দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।