
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সবকিছু ঠিক থাকলে তিনিই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’
আসিফ নজরুল লিখেছেন, দুই যুগ ধরে বাংলাদেশের সর্বোচ্চ এই সাংবিধানিক পদটি অনুপযুক্ত ব্যক্তিদের দখলে ছিল। তাঁদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, আবার কেউ ছিলেন চরম অনৈতিক। বহু বছর পর এই পদে সবদিক থেকে যোগ্য একজন ব্যক্তিকে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, শেখ হাসিনার দুঃশাসনকালে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলের হাল ধরেছেন। এ সময়ে তিনি নানাভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবেও মির্জা ফখরুল অগ্রগণ্য বলে উল্লেখ করেন আসিফ নজরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানিয়েছেন আসিফ নজরুল।
তিনি আরও লিখেছেন, স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত ব্যক্তিকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।